জনতার আওয়াজ ডেস্ক
ভারতে ছয় বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন সাত বাংলাদেশী নারী-পুরুষ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন মনিকা আক্তার (২১), লিলি বেগম (৩১), কাজল গাজী (২৭),আম্বিয়া বিবি (৩২), আকলিমা খাতুন (২২), সাবিনা বিবি (২৫) ও ইসলাম সর্দার (৫৭)। তারা ঢাকা, সাতক্ষীরা, খুলনা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ভালো কাজের আশায় সাত বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের যান। সেখানে কলকাতায় তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ওই দেশের পুলিশের হাতে আটক হন। অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের ছয় বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।
কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ (শনিবার) সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামের একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করবে।
রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রাতে ইসলাম সর্দার নামে একজনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ছয় নারীকে হস্তান্তরের জন্য তাদের পরিবারের সাথে যোগযোগ চলছে। সূত্র : ইউএনবি












