জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাঙ্গরার বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত
ভোটের দিন ফজর নামাজ আদায় করে সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করে ফলাফল নিয়েই ঘরে ফেরার অনুরোধ জানান তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কায়কোবাদ।
তিনি বলেন, জনগণের সেবা করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে। অতীতেও আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবারও আগের চেয়ে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন—এই আশা রাখি।
এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও বর্তমানে জামায়াতে ইসলামী একই ধরনের আচরণ করছে বলে জনগণ দেখছে।
জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নবীপুর, মোচাগাড়া, যাত্রাপুর, মির্জাপুর, গাজীপুর ও চাপিতলায় পথসভায় বক্তব্য দেন কায়কোবাদ। এসব পথসভা ঘিরে নারী-পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ‘দাদাভাই দাদাভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গ্রামাঞ্চল।
দীর্ঘ ১৩ বছর পর সাবেক মন্ত্রী কায়কোবাদকে সামনে পেয়ে অনেক নারী-পুরুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত উঁচিয়ে সালাম জানান তারা এবং তাকে এমপি করার আশ্বাস দেন।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।












