• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মামলা থেকে আ’লীগ নেত্রীর নাম কাটাতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৬
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৬

960004 6

মামলা থেকে আ’লীগ নেত্রীর নাম কাটাতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে একজন আওয়ামী লীগ নেত্রীকে বাদ দেয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় অমিত বণিক নামে এক প্রভাবশালী ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে এই ঘটনার থানায় বাদীকে মারপিট এবং গুলি করা চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) সকালে ব্যবসায়ী অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অমিত আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলার ( নম্বর-১২, তারিখ ২৩-১১-২০২৪) আসামি রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা লিপি ভরসা নামের এক আওয়ামী লীগ নেত্রী। নগরীর আওয়ামীলীগের প্রভাবশালী রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ব্যবসায়ী অমিত বণিক নিজেকে পুলিশের সাথে সখ্যতা আছে উল্লেখ করে তাকে সেই মামলা থেকে নাম কাটা ও সুরক্ষা দেয়ার কথা বলে লিপি ভরসার কাছ থেকে ১০ লাখ টাকা থেকে চাঁদা চান। এই সংক্রান্ত একটি অডিও কল ভাইরাল হয়। এরই প্রেক্ষাপটে অমিত বণিকের নামে লিপি ভরসার ম্যানেজার পলাশ হাসান বৃহস্পতিবার ( ১৩ মার্চ) একটি চাঁদাবাজির মামলা (নম্বর-১৫) করেন। সেই মামলায় তাকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দেখানো হয়।

এদিকে এই ঘটনা নিয়ে কোতয়ালী থানায় বৃহস্পতিবার বিকেল থেকে লঙ্কাকাণ্ড ঘটেছে। পুলিশের একজন পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তার বিরুদ্ধে বাদীকে মারধর এবং কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা এবং একজন পরিদর্শক পদবীর কর্মকর্তার ওপর হাত তোলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে

অভ্যন্তরীণভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের হেডকোর্য়াটার্স-এ প্রতিবেদনও জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় পুরো থানা জুড়ে ফোর্সদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশের হেডকোয়ার্টার্স সূত্র জানিয়েছে, এর আগে রংপুরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে জাহাজ কোম্পানি মোড়ে হামলায় গুরুতর আহত রংপুরের জিয়া মঞ্চের নেতা লুসার আহমেদ ব্যবসায়ী অমিত বণিককে আসামি করে মামলা দিলে ওই কর্মকর্তা নিজে থানায় উপস্থিত হয়ে তার নাম কেটে দেন। এ সময় একজন বিএনপি নেতা নাম কাটার বিরোধিতা করলে উল্টো ওই নেতাকেই মামলা দিয়ে জেলে ঢুকানোর জন্য ওসিকেও নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই কর্মকর্তার বিরুদ্ধে রাঙ্গামাটির সার্কেল এসপি থাকাকালীন সময়ে সেই সময়কার পুলিশ সুপারকে (এসপি) থাপ্পড় মারার অভিযোগে বিভাগীয় প্রসেডিং হয়েছিল। এছাড়া একজন ডিআইজির সঙ্গেও অপেশাদার আচরণের কারণে প্রসেডিং হয়েছিল। বিগত আওয়ামী লীগ আমলে সুসম্পর্কের জেরে ওই দুটি প্রসেডিং উৎরাতেও সক্ষম হন তিনি এবং বিষয়টি জোড় গলায় বলে বেড়ান।

তদন্ত সূত্রগুলো আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব মামলা হয়েছিল বিএনপি জামায়াত এবং শিক্ষার্থীদের নামে। ৫ আগস্টের পর সেই মামলাগুলো পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ফাইনাল রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেও ওই কর্মকর্তা তা না দিয়ে কালক্ষেপণ করেন। সেই সময়কার ঊর্ধ্বতন কর্মকর্তারা বার বার তাকে ফাইনাল রিপোর্ট দিতে বললেও তিনি তাদের সঙ্গে অপেশাদার আচরণ করেন। এসব বিষয়গুলোও তদন্ত করা হচ্ছে বলে পুলিশের হেডকোয়ার্টার্সের সূত্র জানিয়েছে।

এ ব্যপারে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, অতিরিক্ত দায়িত্ব) মো: হাবিবুর রহমান জানান, থানায় বাদিকে মারধর, গুলির চেষ্টার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই মধ্যে বৃহস্পতিবার এক আদেশে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, লিপি খান ভরসা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। সেই আসামিকে মামলা থেকে বাদ দেয়া এবং তাকে সুরক্ষা দেয়ার কথা বলে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ব্যবসায়ী অমিত বণিক। এ বিষয়ে অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেই প্রেক্ষাপটে অমিত বণিকের নামে চাঁদাবাজির মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অমিত বণিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থ জোগান দেয়া এবং আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও আছে। এছাড়াও মানি লন্ডারিং ও অবৈধ অর্থ লেনদেনেরও অভিযোগ আছে। এ বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, লিপি খান ভরসা অবৈধ সুবিধা নেয়ার জন্য যোগসাজস করেছেন। সে কারণেও তাকে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com