• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে

প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩ ১০:২৮
আপডেট: শুক্রবার, ১২ মে, ২০২৩ ১০:২৮

Capture 97

মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখার কেন্দ্রে গতিবেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এ বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অফিস। সেখানে ভোর তিনটার সময়কার মোখার গতিপ্রকৃতি তুলে ধরা হয়।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, মোখার গতিবেগ ১১০ থেকে বেড়ে ১১৫ কিলোমিটার পর্যন্ত হয়েছে। এটি আজই অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গতকাল বৃহস্পতিবার সকালে মোখার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এরপর রাত নয়টার দিকে দেওয়া ৭ নম্বর বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানায় তারা। এ সময় মোখার  কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড় সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে। আজ ভোররাত তিনটায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে সেটি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়, তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিলোমিটারের ওপরে বাতাসের গতিবেগ উঠলে তাকে সুপারসাইক্লোন বলা হয়।

আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com