বরিশাল প্রতিনিধি
বরিশালে ফরচুন কারখানায় বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা, গুলিবর্ষণকারী সহ জড়িতদের শাস্তি সহ আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়া ও অবিলম্বে ফরচুনের কারখানার সকল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস, ওভার টাইমের সমুদয় টাকা পরিশোধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।
শনিবার (২৫ মে) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, গোপালগঞ্জ জেলা বাসদ আহবায়ক অধ্যাপক মোসারেফ হোসেন ঢালি, ঝালকাঠি কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক প্রশান্ত দাস ও ভোলা জেলা নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিরীহ শ্রমিকদের উপর গুলিবর্ষণকারী সদস্য ও মালিক পক্ষদের বিরুদ্ধে নিরপেক্ষ সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার দাবী সহ শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়াসহ তাদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। পরে নগরীর বিভিন্ন সড়কে এক বিক্ষোভ মিছিল করে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।












