• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মহানগর বিএনপি সভাপতি পদে ফিরেই ‘ঠিকানা’ উপহার দিলেন নাসিম

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫১

9658985 1

সিলেট মহানগর বিএনপি সভাপতি পদে ফিরেই ‘ঠিকানা’ উপহার দিলেন নাসিম

সিলেট ব্যুরো
ছবি : সংগৃহীত
দলীয় কার্যালয় না থাকায় সিলেটে বিএনপি রাজনীতি ছিল অনেকটা ঠিকানাবিহীন। একটানা প্রায় ২৫ বছর এ অবস্থায় নগর বিএনপির নেতৃত্ব ফিরে পেয়ে দলকে ‘ঠিকানা’ উপহার দিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেট নগরীর তোপখানায় মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তোপখানায় মন্ত্রীর বাসভবনের একটি ভবনকে কার্যালয় হিসেবে ব্যবহার করার বিষয়টি চূড়ান্ত করেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

দলীয় কার্যালয় উদ্বোধন পরবর্তী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দলের যাত্রা শুরু হয়েছিল। এর পর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।’

দলীয় কার্যালয় ও সংগঠনিক কার্যক্রম বিষয়ে তিনি আরও বলেন, ‘দল নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব প্রদান করে। এটি কোনো সমন্বয়হীনতা নয়, বরং দলীয় শক্তি ও কৌশলকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করে নতুন উদ্যম যোগ করার প্রক্রিয়া। অর্পিত দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা মেটানোই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার।’

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফিতা কেটে কার্যালয় উদ্বোধন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সুদীপ সেন বাপ্পু, আব্দুর রহিম মল্লিক ও আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মাহবুবুর হক চৌধুরী মাহবুব, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মনজুরুল হাসান মঞ্জু, মতিউল বারী চৌধুরী খোরশেদ, নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনসহ নগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, নাসিম হোসাইন কার্যালয়ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করার একজন অন্যতম প্রবক্তা রাজনীতিবিদ। নগর বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী এই নেতা কাউন্সিলে সরাসরি ভোটে নগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় তার বিদেশ সফরকে ঘিরে বিতর্ক তৈরি হলে তাকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। প্রায় দুই বছর পর সম্প্রতি নাসিম হোসাইন কেন্দ্রের সিদ্ধান্তে স্বপদে ফেরেন। সাংগঠনিক দায়িত্বে ফিরেই তিনি দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠায় নগর বিএনপির কার্যালয় স্থাপন করেন।

দলীয় কার্যালয় উদ্বোধনের দ্বিতীয় দিন বুধবার নাসিম হোসাইন খবরের কাগজকে বলেন, ‘কার্যালয় ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা কঠিন। নগর বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দীর্ঘ দায়িত্ব পালনের সুবাদে এই উপলব্ধি রয়েছে। অতীতে নিজের বাসায় অস্থায়ী কার্যালয় করে চলেছি। এছাড়া, নগর বিএনপি যখন এম এ হক সাহেবের (প্রয়াত সভাপতি) নেতৃত্বে ছিল, তখন মেন্দিবাগে ছিল দলীয় কার্যালয়। এরপর দীর্ঘদিন ছিল কার্যালয়বিহীন। সব মিলিয়ে প্রায় ২৫ বছর পর দলীয় কার্যালয় তথা ঠিকানায় ফিরল সিলেট মহানগর বিএনপি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com