শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়, সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় দলের একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে দলীয়ভাবে সমন্বয় করে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরোপয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর বিএনপি।
আ/আ












