সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: খবরের কাগজ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত যাতে কর্মস্থলে থাকেন, যন্ত্রপাতি-ওষুধপত্র সরবরাহ বাড়ানো, এসব নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও রাজনীতিবিদরা কাজ করে যাবেন। পাশাপাশি নাগরিক হিসেবে সবার ভূমিকা রাখতে হবে।’
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ড. নুরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।












