• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাতের দিকে তাকিয়েই সময় বলেন ‘ঘড়ি ইয়াসিন’

প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৫:২৩
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৫:২৩

9666969 7

হাতের দিকে তাকিয়েই সময় বলেন ‘ঘড়ি ইয়াসিন’

নওগাঁ প্রতিনিধি

কোনো ধরনের ডিভাইস কিংবা ঘড়ি না দেখে শুধু হাতের দিকে তাকিয়েই দিনের আলোয় কিংবা রাতের আঁধারে, যেকোনো সময় নির্ভুলভাবে ঘণ্টা, মিনিট; এমনকি সেকেন্ড পর্যন্ত বলে দেন ৭৫ বছর বয়সি নওগাঁর ইয়াসিন আলী ওরফে ঘড়ি ইয়াসিন।

নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী। এলাকার সবার কাছে তিনি ঘড়ি ইয়াসিন নামে পরিচিত। পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। গত ২৫ বছর ধরে ঘড়ি ছাড়া নির্ভুলভাবে সঠিক সময় বলে দিতে পারেন। এজন্য এলাকাবাসী তাকে ঘড়ি ইয়াসিন নামে ডাকে। মাঠে ঘাটে কিংবা বাজারে মানুষ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলে হাতের দিকে তাকিয়ে বলে দেন সময়। তার বলার সময় হুবহু মিলে যায় ঘড়ির কাঁটার সঙ্গে। তার প্রতিভার কারণে তার নামে গ্রামের নামকরণ করা হয়েছে ইয়াসিনপুর।

রিমন নামে স্থানীয় একজন বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি তাকে সময় জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে হাতের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক সময় বলে দেন। তখনই আমরা মোবাইল বা ঘড়ির সঙ্গে মিলিয়ে দেখি- ১ মিনিটও কম বা বেশি হয় না। এটা তিনি কীভাবে করেন, সেটা শুধু তিনিই ভালো বলতে পারবেন।

আবদুর রাজ্জাক নামে স্থানীয় এক চা ব্যবসায়ী জানান, ইয়াসিন আলী আমার দোকানে চা খেতে এলে এলাকার ছোট বড় সবাই তাকে ঘিরে ধরে সময় জানতে চান। তখন ঘড়ি না দেখেই তিনি সঠিক সময় বলে দেন। এটা প্রায় অসম্ভব ব্যাপার। হয়তো এটি তার দীর্ঘদিনের সাধনার ফল। তবে যাই হোক, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি।

ঘড়ি ছাড়া নির্ভুলভাবে সময় বলতে পারার বিষয়ে ইয়াসিন আলী বলেন, ‘আমি পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতাম। কিন্তু কোনো এক কারণে ঘড়ি ব্যবহার করব না বলে প্রতিজ্ঞা করি। এরপর থেকে ঘড়ি ছাড়াই সময় আয়ত্ত করার চেষ্টা করি। প্রথমে ঘণ্টা, এরপর মিনিট এবং সেকেন্ড ধরতে পারার কৌশলটি রপ্ত করে ফেলি। এভাবে প্রায় ২৫ বছর ধরে ঘড়ি ছাড়াই সঠিক সময় বলতে পারছি।

তিনি বলেন, তাকে দেখলেই ছোট-বড় সবাই সময় জিজ্ঞেস করেন। ঘড়ি ছাড়া সময় বলতে পারা দেখে আনন্দ পায় সবাই। সেইসঙ্গে সঠিক সময় বলতে পারায় নিজেও খুব আনন্দ পান বললেন প্রতিভাবান এ বৃদ্ধ। ৭৫ বছর বয়সে সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় কাঁচামালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com