বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি প্রতিনিধি
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭২ শিশু।
সোমবার (৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৭ মার্চ থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৪৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭০ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১৫ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭২ শিশু।’
তিনি আরও বলেন, ‘সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’












