লেন্দুপ দর্জি এদেশে সকাশে দিয়েছিল দর্শন
দেখেছি, জনতা-শাসকে আদর্শিক বিকর্ষণ,
কবরসম ঘরে বন্দীর- গোঙ্গানি আমরণ
দেখেছি, গুম হওয়া ঘরের- গুমট ক্রন্দন।
নদীবক্ষে- জনশূন্য চরে- গুপ্ত ক্রসফায়ার
দেখেছি, নৃশংস খুনি- একেকটি জানোয়ার,
এথা-ওথা বেওয়ারিশ লাশ- নিত্য বেশুমার
দেখেছি, নীলকুঠি চক্রান্তে- বৈঠক রুদ্ধদ্বার।
আমি দেখেছি, উদ্ধত আঙ্গুল- উদ্ধত হুঙ্কার
শুনেছি, বাতাসে অনুরণিত- আর্তচিৎকার,
দ্বারে দ্বারে মাথা ঠুকে- প্রাণভিক্ষার হাহাকার
দেখেছি, নির্ভয় শিশুর হাতে- দীপ্ত তলোয়ার।
আকাশে হেলিকপ্টার- ভূমিতে ট্যাঙ্কের বহর
ফ্যাসিস্ট নিয়োজিত, দেখেছি একপাল বর্বর,
আঘাতের পর আঘাত, গুলি-হত্যা অতঃপর
দেখেছি, জিহাদী- বিপ্লবী- দুর্মর অষ্টপ্রহর।
শিশু-কিশোর-যুব-বৃদ্ধ, হয়েছিলো আবাবিল
দেখেছি, আবরাহার দুর্গে কপাট ভাঙ্গা খিল।
রাজমার্গে বিপ্লবী লাশ, স্বৈরযন্ত্রের উল্লাস
আমি দেখেছি, রক্ত নদে ওদের উচ্চাভিলাষ।
পারেনি, ওরা পারেনি ঠেকাতে- সত্যের উত্থান
নাকে খত দিয়ে- ভেগেছে একেকটি শয়তান,
এখনো সদা প্রস্তুত- করেছে যারা আত্মদান
আমি দেখেছি, ফ্যাসিস্ট নিধন-এর অভ্যুত্থান।।












