• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেন বিশ্বকাপে খেলল না বাংলাদেশ, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৪৪
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৪৪

9659852 8

কেন বিশ্বকাপে খেলল না বাংলাদেশ, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
নিরাপত্তার অজুহাতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে অংশ নেয়নি বাংলাদেশ। কেন বাংলাদেশ মর্যাদার এই আসরে খেলল না, বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের একটি স্কুলের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে সেই বিশ্বকাপটি আমরা খেলতে যেতে পারিনি। কেন এটি হয়েছে, সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এ বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব। কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তী সময়ে প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে আমি অবশ্যই জানতে চাইব।’ এ বিষয়ে সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রতিনিধিদলের সঙ্গে একটি বৈঠক হয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

গত ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ায়। প্রতিযোগিতার যৌথ আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল দিয়ে যার পর্দা নামে ৮ মার্চ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে অংশ নেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিলে এই ঘটনার সূত্রপাত হয়। তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দিনই জানিয়ে দেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এরপর এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। উদ্বিগ্ন সময় গেছে দেশের ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ছিল ভারতে। বিসিবির পক্ষ থেকে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। তবে বিসিবির সেই দাবি মেনে নেয়নি আইসিসি। তারা বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে গেছে। তবে বিসিবি কোনো মতেই ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেয় আইসিসি।

বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে দেশের ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রীড়াসংশ্লিষ্ট অনেকেই মনে করেন, বিসিবির কূটনৈতিক ব্যর্থতায় বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। এ নিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন অনেক ক্রীড়া সংগঠক। এর মধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেন, ‘আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে ইন্‌শাআল্লাহ পদক্ষেপ নেওয়া হবে।’

কিছুদিন আগে বিসিবির নির্বাচনে অনিয়ম, কারসাজি ও সরকারি হস্তক্ষেপসহ নানা অভিযোগ খতিয়ে দেখতেও তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও সেই তদন্ত কমিটি গঠন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি। তাদের সেই উদ্বেগ প্রকাশের এক দিন পরই বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়ে তদন্তের ঘোষণা এলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com