রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ ও পুলিশের হাতে দু’জন আটক হয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।
তিনি আরো জানান, গুলিতে আহত ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুজনকেই আটক করেছে। টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত হয়। বিস্তারিত পরে জানানো হবে।
তবে আমিনুল নামের ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।












