• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রাম ৮ফুরফুরে মেজাজে বিএনপি, মাঠ গুছিয়েছে জামায়াত

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৪:১৫
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৪:১৫

IMG 2804

চট্টগ্রাম ৮ফুরফুরে মেজাজে বিএনপি, মাঠ গুছিয়েছে জামায়াত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনকে ঘিরে বড় দুই বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের মাঠপর্যায়ের অবস্থান ও কৌশল এখন আলোচনার কেন্দ্রে। এরমধ্যে দলীয় কোন্দল প্রকট হলেও বিদ্রোহী প্রার্থী না থাকায় এই আসনে ফুরফুরে মেজাজে আছেন বিএনপি’র প্রার্থী আলহাজ এরশাদ উল্লাহ। আর দীর্ঘদিন ধরে মাঠে সরব থাকা জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালীকে ধরা হতো বিএনপি’র দুর্গ। তবে দলীয় কোন্দল, অসন্তোষ রয়েছে এ আসন ঘিরে। প্রার্থী ঘোষণার পর কোন্দল আরও বেশি সামনে এসেছে। এখানে সাবেক মন্ত্রী ও এমপি এম মোর্শেদ খান, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও বর্তমান নগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ- এই তিনজনের গ্রুপিংয়ে বিএনপি’র ভোটাররা ঘুরপাক খাচ্ছে। এ গ্রুপিং জিইয়ে থাকলে বিএনপি’র এ আসন জয়লাভ করা কষ্টসাধ্য হবে। চান্দগাঁও এলাকার বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ হোসেন এই মানবজমিনকে জানান, বিএনপি এখনো এই আসনে একটি বড় রাজনৈতিক শক্তি। গ্রুপিংয়ের রাজনীতি বাদ দিয়ে এক হয়ে গেলে বিএনপি এই আসনে এগিয়ে থাকবে। তবে জামায়াতের প্রার্থীও এখানে বেশ ভালো অবস্থান তৈরি করেছে।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও নগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। জনকল্যাণমুখী কাজ করেছি। বিভিন্ন সময়ে এলাকার গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করেছি। ঈদে-কোরবানে ইফতারসামগ্রী ও গোস্ত বিতরণ করেছি। জনগণের মাঝে ধানের শীষের গণজোয়ার দেখতে পাচ্ছি। গ্রামের মানুষের মাঝে গণসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন মাথায় রেখে কাজ করেছে জামায়াত। চট্টগ্রামের খ্যাতিমান এক চিকিৎসক নেতাকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। জামায়াত এই আসনে দেড় বছর ধরে নিজেদের উর্বরতা বাড়িয়েছে। বিএনপি’র প্রার্থী নির্বাচনে গড়িমসি ও সময়ক্ষেপণই জামায়াতকে অনেকটা সুবিধা করে দিয়েছে। তাছাড়া মানবিক চিকিৎসক হিসেবে ডা. নাসেরের খ্যাতি থাকা এবং দেড় বছরের বড় একটি সময়ও জামায়াত প্রার্থীকে ভোটের মাঠে করেছে পাকাপোক্ত।
জানা যায়, পাঁচলাইশ-চান্দগাঁও-বোয়ালখালীতে জামায়াতের আছে একটি স্থায়ী ভোটব্যাংক। জামায়াতের নেটওয়ার্ক মূলত মসজিদ-মাদ্রাসাভিত্তিক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের কাজের মাধ্যমে গড়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ত্রাণ বিতরণসহ নানামুখী প্রচারণার কাজ করেছে।
জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের বলেন, আমি গ্রামেগঞ্জে, শহরে নগরে, ঘরে ঘরে সবার সঙ্গে যোগাযোগ করছি। আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া পাচ্ছি। আমি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসা খাতের উন্নয়নে কাজ করছি। কলকারখানা প্রতিষ্ঠা, নারী শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ, বেকার সমস্যা রোধ, মাদক সমস্যা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রায়োরিটি বেসিসে কাজ করছি এবং সামনে নির্বাচিত হই বা না হই কাজ করে যাবো। তিনি বলেন, পেশায় ডাক্তার হিসেবে অসংখ্য রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা খরচ কমিয়ে দিয়েছি। বোয়ালখালীর লোকজন দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। এদিকে, চট্টগ্রাম-৮ আসনে নতুন করে আলোচনায় এসেছে সম্মিলিত সুন্নি জোটের প্রার্থী মাওলানা হাসান আজহারী। ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন তিনি। এরমধ্যে তিনি শুরু করেছেন প্রচারণা। এই আসনে জামায়াত-কওমি বিরোধী তরিকতপন্থি সুন্নী জোটের আছে কমপক্ষে ২০ হাজার ভোটার। আজহারী নির্বাচন না করলে এই ভোটের অধিকাংশই যাওয়ার কথা ছিল এরশাদ উল্লাহ’র বাক্সে। যে কারণে আজহারীর নির্বাচন এরশাদ উল্লাহ’র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে, এখন নতুন করে জামায়াত নেতৃত্বাধীন জোটের খেলায় চট্টগ্রাম-৮ আসনে নজর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আসনের ভোটের মাঠে উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও সমপ্রতি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়রুল হাসান আরিফকে দেখা যাচ্ছে মাঠে। তবে নিজের বাড়ি এই আসনে না হওয়ায় পুরোদস্তুর নতুন রাজনৈতিক মুখ হিসেবেই ভোটারের কাছে যাওয়ার চ্যালেঞ্জ নিতে হচ্ছে জোবায়রুল হাসান আরিফকে। দলীয় অবস্থান ভালো না থাকলেও জামায়াত জোট থেকে শেষ পর্যন্ত জোবায়রুল আরিফকে মনোনয়ন দেয়া হচ্ছে বলে খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইশতিয়াক জানান, শুনেছি এনসিপি’র পক্ষ থেকে জামায়াতের ওপর চাপ রয়েছে এই আসন ছাড়ার। তবে জোটের খেলায় জামায়াত যদি এই আসন এনসিপিকে ছেড়ে দেয় তাহলে কপাল খুলে যাবে বিএনপি প্রার্থীর। অনেকটা নিশ্চিন্তেই বিএনপি এই আসনে জয়লাভ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com