ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হতে পারে। এর মধ্যে বিএনপি জোটের ভাগে যাওয়ার সম্ভাবনা প্রায় ৩৭টি আসন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে। আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুক্তরাজ্য শাখার সদস্য সচিব অঞ্জনা আলম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
অঞ্জনা আলম ৮০ ও ৯০-এর দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। ১/১১-পরবর্তী ছাত্র-শিক্ষক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে দীর্ঘ সময় আইনি জটিলতায় ছিলেন। পরবর্তীতে যুক্তরাজ্যে অবস্থান করেও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং প্রবাসী কমিউনিটিতে সংগঠন শক্তিশালী করতে কাজ করেছেন।
ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নতুন ও প্রবাস-অভিজ্ঞ নেতৃত্বকে অগ্রাধিকার দিলে তা দলীয় শক্তিকে আরও সুসংগঠিত করবে।
মনোনয়ন প্রসঙ্গে অঞ্জনা আলম বলেন,
“রাজনীতি আমার কাছে কেবল পদ বা পরিচয়ের বিষয় নয়—এটি আদর্শ ও সংগ্রামের পথ। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থেকে দল ও নেতৃত্বের প্রতি দায়িত্ব পালন করেছি। প্রবাসে থেকেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, সংসদে নারীর ক্ষমতায়ন,তরুনদের অংশ গ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবো। আমি বিশ্বাস করি, ত্যাগ ও ধারাবাহিক কাজের যথাযথ মূল্যায়ন দল অবশ্যই করবে।”













