বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন নন্দিত শিল্পী তপন চৌধুরী । বিটিভি, বেতার ও ক্যাসেটের যুগের ভীষণ জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। নাইনটিজ বলতে আমরা যা বুঝি, সেই নাইনটিজের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। বিশেষত আধুনিক গানে তপন চৌধুরী ছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়। বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপেরও ভীষণ পছন্দের একজন শিল্পী তপন চৌধুরী। গুণী এই সংগীতশিল্পীর সুরে এবারই প্রথম কোনো মৌলিক গান গাইতে যাচ্ছেন প্রিয়াঙ্কা গোপ।
গানের শিরোনাম ‘কতদিন হয়নি দেখা’। গানটি লিখেছেন তপন চৌধুরী ও কবির বকুল। সুর করেছেন তপন চৌধুরী, সংগীতায়োজনে আছেন উজ্জ্বল সিনহা। কয়েক দিনের মধ্যেই গানটিতে কণ্ঠ দেবেন ড. প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় তপন দাদা আমার কথা ভেবেই একটি গান লিখেছেন ও সুর করেছেন। ছোটবেলা থেকে যাদের গান শুনে শুনে বড় হয়েছি, তাদের মধ্যে অন্যতম একজন হলেন তপন দাদা। বিশেষত তার অনুশোচনা অ্যালবামটির সব গান এতবার শোনা হয়েছে যে প্রায় সব গানই মুখস্থ ছিল। আবার তপন দাদা ও মিতালি মুখার্জি দিদিও দ্বৈত অ্যালবাম ‘নিশ্বাাসে তুমি বিশ্বাসে তুমি’ অ্যালবামেরও সব গানই আমার প্রিয় ছিল। সেই শ্রদ্ধেয় প্রিয় তপন দাদা আমার জন্য গান করেছেন, এটা সত্যিই আমার পরম পাওয়া। আমি চেষ্টা করব গানটি মন দিয়ে গাইতে যেন আমাকে ঘিরে দাদার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়।’
এদিকে গতকাল বিটিভিতে ‘ফাগুন মলাট’ অনুষ্ঠানে ‘মেঘের ভেলা’ শিরোনামের একটি গান গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ। গানটি লিখেছেন অধরা জাহান, সুর করেছেন সুমন কল্যাণ। ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান।
প্রিয়াঙ্কা জানান, দু-এক দিনের মধ্যেই বিভাগ থেকে ফাল্গুন উৎসব উদযাপন করা হবে। কিছুদিন আগে প্রিয়াঙ্কার কণ্ঠে ‘এখনো কোয়েলিয়া’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটি লিখেছেন সঞ্জয় রাজ, সুর সংগীত করেছেন পল্লব সান্যাল। প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার কণ্ঠে আরও একটি গান। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীবুল হাসান, সুর করেছেন সোনালী রায়। উল্লেখ্য, ড. প্রিয়াঙ্কা গোপ ২০১৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় প্লে-ব্যাক করেই শ্রেষ্ঠ গায়িকা হিসেবে তিনি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। গত ১১ ফেব্রুয়ারি ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করেছেন তিনি।












