ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। নিজের অভিনয় দিয়ে অনেক আগেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ২০২২ সালে তার অভিনীত বেশকিছু জনপ্রিয় নাটক টেলিভিশন ও ইউটিউবে সাড়া ফেলে। যার ধারাবাহিকতা সামনে বছরেও বজায় থাকবে বলে আশাবাদী এই অভিনেত্রী। বছরের শুরুটা হয়েছে তার বাড়িতেই। কোনো শুটিং রাখেননি। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটাচ্ছেন।
মেহজাবীন প্রতিবারই বছরের প্রথম দিনটি পরিবারের সঙ্গে কাটান। তিনি চান বছরের শুরুটা পরিবারের সঙ্গেই হোক। এবারও তাই হয়েছে। তিনি বলেন, ‘বছরের প্রথম দিন আমি সাধারণত কোনো কাজ রাখি না। পরিবারকে সময় দেয়ার জন্য ডিসেম্বরের ২৫ তারিখ থেকেই সব কাজ গুছিয়ে ফেলার চেষ্টা করি। তবে শেষ হতে হতে সেটি ২৯-৩০ তারিখ হয়ে যায়।
এবারও তাই হয়েছে। নতুন বছরের আগের দিন আমি ফ্রি হয়েছি। তারপর বাবা-মাকে নিয়ে দিনটি উদযাপনের প্রস্ততি নেই। এরপর আমি আর আমার ছোট বোন সকাল থেকে মাকে সহযোগিতা করি।’
এসময় মেহজাবীন আরও বলেন, ‘প্রতিবারের মতো আজও একটা অন্যরকম আনন্দ নিয়ে বছরের প্রথম দিনের সূর্যোদয় এলো। সকাল থেকেই আম্মার সঙ্গে পরিবারের কাজ করছি। রান্না থেকে শুরু করে সব কাজেই আম্মাকে সহযোগিতা করছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একটা প্ল্যান আছে। যেটি ফ্যামিলি আড্ডা। এই দিনটির মতো গোটা বছর সবার শুভ কাটুক আনন্দে কাটুক সেই প্রত্যাশাই রইলো।’
এরপর কাজের ব্যস্ততা নিয়ে কথা নিয়ে তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই শূটিং শুরু হয়ে যাবে। নাটক আর বিজ্ঞাপনের কিছু কাজ আছে যেগুলো এ মাসেই ইউটিউব টেলিভিশনে মুক্তি পাবে। তাই কাজের ব্যস্ততা বলতে গেলে কাল থেকেই শুরু।’
এসময় নতুন বছর নিজের বিবাহিত জীবন সম্পর্কেও নিরব রইলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনের কোনো সুখবর এ বছরও দিতে পারবো কি না জানি না। আপাতত ক্যারিয়ার নিয়েই চিন্তা করতে চাই।’
দর্শক ও ভক্তদের শুভেচ্ছা দিয়ে মেহজাবীন বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই দর্শক আমাকে ভালোবেসেছে। তাদের শুভেচ্ছা জানাই। তাই দায়িত্ব বাড়ছে প্রতিদিন। ২০২২ সালে আমার বেশকিছু নাটক ছিলো দর্শক নন্দিত। এ বছরেও তা বজায় রাখবো ইনশাআল্লাহ থাকবে।’












