• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পর্দা উঠলো কান উৎসবের ৭৭তম আসরের

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ২:১৪
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ২:১৪

9586

পর্দা উঠলো কান উৎসবের ৭৭তম আসরের

বিনোদন ডেস্ক
‘কান চলচ্চিত্র উৎসব’ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। এই উৎসব ১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। মঙ্গলবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম। ১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।

বিশ্বের শোবিজ অঙ্গনের বড় বড় তারকারা প্রতি বছরই এই আয়োজনে উপস্থিত হন। লালগালিচায় থাকে ঝলমলে তারকাআলো। এ উপলক্ষে হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকায় ভরে ওঠে কান শহর।

ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁনের সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে হাজির হন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগে একে একে এসেছেন বাকি ৮ বিচারক। তারা হলেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।

953

তবে সবার চোখ ছিল মেরিল স্ট্রিপের দিকেই। উৎসবটিতে এ নিয়ে মাত্র দুইবার দেখা দিলেন তিনি। এর মাধ্যমে ৩৫ বছর পর কানসৈকতে ফেরা হলো তার। ১৯৮৯ সালে কানের ৪২তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এই তারকা। এতে নিজের শিশুসন্তান হত্যার জন্য অভিযুক্ত মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে মঙ্গলবার দুপুরে ফটোকলে মাইকেল করস ব্র্যান্ডের সাদা ব্লেজার ও ট্রাউজার পরে হাজির হন মেরিল। বুধবার (১৫ মে) দুপুরে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী।

লালগালিচায় অবশ্য মেরিল স্ট্রিপের পাশাপাশি আলোচিত হয়েছে মেসি! গত বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবিতে কাজ করেছে এই কুকুর। এবার তাকে লালগালিচায় দেখা গেছে! ৭৬তম আসরেও দেখা গেছে তাকে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে প্রতিযোগিতার বাইরে। এদিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফরাসি ভাষার কমেডি ছবিটি। এতে অভিনয় করেছেন ফরাসি তিন তারকা লেয়া সেদ্যু, ভাসোঁ লান্দোঁ ও লুই গারেল। লালগালিচায় পরিচালকের সঙ্গে হাজির হয়েছেন তারা।

98596 1

উদ্বোধনী অনুষ্ঠানসহ ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবিটি প্রদর্শন করেছে ফ্রান্সের শত শত প্রেক্ষাগৃহ। এক্ষেত্রে আয়োজকদের সহায়তা করেছে ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাস (এফএনসিএফ), ন্যাশনাল সিনেমা সেন্টার (সিএনসি) এবং ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন অব আর্টহাউস সিনেমাস (এএফসিএই)।

এছাড়া ফ্রান্সে ফ্রান্স টেলিভিশন এবং আন্তর্জাতিকভাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ব্রুট। এবারের উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।

কান ক্ল্যাসিকসে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হয় কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘নেপোলিয়ন’ (১৯২৭)। ফ্রান্সের আবেল গঁস পরিচালিত ছবিটিকে পুনরুদ্ধার করতে ১৬ বছরের বেশি সময় লেগেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় পুনরুদ্ধারের মধ্যে এটি অন্যতম। দুটি ভিন্ন যুগে বিভক্ত ৭ ঘণ্টা দৈর্ঘ্যের ‘নেপোলিয়ন’। এর প্রথম অংশের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪০ মিনিট। কান উৎসবে দেখানো হয় এই সংস্করণ।

খোলা আকাশের নিচে সাগরপাড়ে উৎসবের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে যথারীতি। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হয় ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ড্যানি বয়েলের ‘ট্রেইন স্পটিং’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com