বিনোদন ডেস্ক
আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা।
বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে ওঠে এ দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আত্মিকভাবে যোগ দেন এই মিছিলে। অনুভূতি জুড়ে মাখিয়ে নেন লাল সবুজের মায়া। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সামাজিক মাধ্যমে শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, শবনম ফারিয়ারা প্রকাশ করেছেন নিজেদের ভাবনা। সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।
শাকিব খান তার পেইজে লিখেন, বিজয়ের আনন্দের দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের। সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা . . .
অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে একটি সাদাকালো ছবি পোস্ট করে লিখেন, স্বাধীনতার স্পর্শে জেগে ওঠে দেশ; যে স্বাধীনতার কণায় কণায় আত্মত্যাগের উজ্জ্বল ইতিহাস, যে স্বাধীনতার শব্দ উচ্চারণে সার্থক হয় বিজয়; আজ বিজয় দিবসের এই আলোকময় দিনে সেই স্বাধীনতাকে জানাই কুর্নিশ। স্বাধীনতার অর্থেই যেন বিজয়গাথা উচ্চারিত হয় আমাদের অন্তরে আজীবন।। বিজয় দিবস আরো একবার স্বাধীন চেতনার পথের সাথী হোক।
অভিনেতা আরিফিন শুভ নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে এ নায়ক গায়ে জড়িয়ে নিয়েছেন লাল সবুজ। ক্যাপশনে লিখেছেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ।
শবনম বুবলী বিজয়ের আনন্দে মেতেছেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে। মা-ছেলে নিজেদের জড়িয়েছেন লাল পোশাকে। সেইসঙ্গে লিখেছেন, মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
অভিনেতা অপূর্ব সন্তানের আঁকা চিত্রকর্ম প্রকাশ করেছেন ফেসবুকে। বিজয় নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
শবনম ফারিয়া লাল সবুজের আলোয় মোড়ানো সংসদ ভবনের সামনে হাস্যোজ্জ্বলভাবে ধরেছেন নিজেকে। ক্যাপশনে লিখেছেন, এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।
তিনি আরও লিখেছেন, আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা।












