জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে। থেমে নেই তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। এখন শোনা যাচ্ছে, এই জুটি দুই বছর আগেই বিয়ে সেরেছেন! দু’জনের কেউ-ই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মেহজাবীন আকার-ইঙ্গিতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মুখ খুলেছেন।
তিনি মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে স্ট্যাটাসে লিখেন- ‘‘R.I.P, YELLOW JOURNALISM’’।

এর আগে বিশ্বস্ত কয়েকটি সূত্র গণমাধ্যমকে জানায়, এখন আর প্রেম নয়, বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী এবং আদনান আল রাজিব। একে অপরের পারিবারিক আয়োজনেও অংশ নেন এই জুটি।
সম্প্রতি মেহজাবীন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। তবে মেহজাবীন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে।
তিশার সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবীন চৌধুরী এবং আদনান আল রাজিব দু’জন হাত ধরে হাঁটছেন। নাম প্রকাশ না করার শর্তে মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজন বলেন, ‘দুই বছর হলো মেহজাবীন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন।’
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।
২০১৮ সালে মেহজাবীন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।












