বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা যায় না তাকে। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনো বিয়ে করেননি। যদিও অতীতে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছিল। তবে পরিচালক বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। দীর্ঘ জীবনে একা থাকলেও আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। আর একাকী জীবন নিয়েই বেশ ভালো আছেন এই অভিনেত্রী এমনটিই জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বললেন আমিশা প্যাটেল।
এক ভক্ত প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করছেন?’ উত্তরে একেবারে সোজাসাপটা আমিশা লেখেন, ‘কখনো না। একা থাকতে দারুণ লাগছে। আমার জীবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় ১০০ মানুষ আছেন, যাদের ভালোবাসা পাই। সেখানে একজন পুরুষ এসে সব সমীকরণ বদলে দিক, সেটা চাই না।’
যদিও এখন বিয়ে নিয়ে এমন অবস্থান, অতীতে কিন্তু প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। ক্যারিয়ারের স্বার্থে ছাড়তেও হয়েছে সম্পর্ক। এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা—সব দিক থেকেই সেই সম্পর্ক ছিল আদর্শ। কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তার সঙ্গী চাননি, তিনি জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠুন। শেষপর্যন্ত প্রেমের চেয়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
আমিশার কথায়, যিনি সত্যিই ভালোবাসবেন, তিনি কখনো সঙ্গীর পেশাগত সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। জীবনে প্রেমের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনই ক্যারিয়ারের জন্যও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই অভিজ্ঞতাই তাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে বিয়ের দরজা পুরোপুরি বন্ধ করে দেননি ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার নায়িকা। তার কথায়, যোগ্য মানুষ পেলে এখনো বিয়ে করতে আপত্তি নেই। এখনো বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসে বলেও জানিয়েছেন তিনি। এমনকি নিজের চেয়ে অনেক কমবয়সীরাও ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। বয়স নয়, মানসিক পরিণতিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।












