• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাইয়ের স্বপ্ন পূরণে রাজনৈতিক ঐক্যের তাগিদ

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:২৬
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:২৬

96585210

জুলাইয়ের স্বপ্ন পূরণে রাজনৈতিক ঐক্যের তাগিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, কাঠামোগত সংস্কার ও ধারাবাহিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত ‘জুলাই ডায়লগ-২০২৬’-এ অংশ নেওয়া বক্তারা। জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি হোটেলের হলরুমে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, অর্জন, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করার ওপর গুরুত্ব দিতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে যে কোনো বাংলাদেশ বিরোধী তৎপরতা মোকাবিলার ওপরও গুরুত্ব দেন তিনি।

সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে থেকেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের সংবাদ প্রকাশ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডা. পিনাকী ভট্টাচার্য দেশের বিভিন্ন খাতের বর্তমান পরিস্থিতি এবং জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে জুলাই আন্দোলনে দৈনিক যুগান্তরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ভূমিকা তুলে ধরা হয়। এ সময় যুগান্তরে প্রকাশিত আন্দোলনকেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও সংবাদচিত্রের নির্বাচিত অংশ স্লাইড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাইয়ের পক্ষে বিভিন্ন গণমাধ্যমের অবদান ও গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোরও সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।

সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আরও কার্যকর ও পেশাদার করার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিম, মুমিন আনসারী, ইয়াসির আরাফাত, মামুন মাহিন, সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের বার্তা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com