শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভালো বই পড়ায় উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহ দিতে হবে।’
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।











