• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৩
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:০৩

96000052 1

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মোদি সরকার তা লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।

সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মূল দাবির একটি বাস্তবায়িত হওয়ায় অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ তুলে নিয়েছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই আন্দোলন।

তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ না করার যে সমঝোতা হয়েছিল, তা পুরোপুরি ভঙ্গ করা হচ্ছে। তাঁর দাবি, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তায় যুক্ত স্বেচ্ছাসেবকদের আটক করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হয়রানির খবরও ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে।

আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি-শাসিত বা মিত্র রাজ্যগুলোর পুলিশ যাতে নতুন করে কোনো এফআইআর দায়ের না করে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, তারা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সতর্ক করেন তিনি।

এ ছাড়া আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে লিখিত চুক্তিপত্র আগামীকালের মধ্যে তাদের কাছে হস্তান্তরেরও দাবি জানান সিজেপির এই মুখপাত্র।

এর আগে শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত তৃতীয় দফার বৈঠক শেষে সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতির ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এবং সারা ভারতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারে কেন্দ্রীয় সরকার সম্মত হয়েছে।

সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করে সিজেপি বলেছে, চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতজুড়ে আন্দোলকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপি শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার শর্ত দিয়েছিল।

সূত্র: এনডিটিভি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com