জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জয়সওয়াল জানান, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাও প্রকাশ করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছে নয়াদিল্লি।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, এ বিষয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে।
এদিকে ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভারত সরকার নিবিড় নজর রাখছে বলেও জানান তিনি। জয়সওয়াল বলেন, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ জারি করা হয়েছে।












