কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। চীনের রাজধানী বেইজিং-এ দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এতে ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোরা লাগাতে একমত হয়েছে দুই দেশ। দীর্ঘ সাত বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল দুই দেশের মধ্যে। একাধিক ইস্যুতে দ্বন্দ্বও প্রকট হচ্ছিল মধ্যপ্রাচ্যে। অবশেষে শান্তির পথে এক ধাপ এগিয়ে এলো দেশ দুটি।
সম্পর্ক স্থাপনের বিষয়টি ইরানি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। তবে সৌদি গণমাধ্যমগুলো এখনও এ বিষয়ে চুপ রয়েছে। যদিও দুই দেশই সম্পর্ক পুণস্থাপনের বিষয়টি নিশ্চিত করে যৌথ বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। সমঝোতায় মধ্যস্ততা করেছে চীন। দেশটির কমিউনিস্ট পার্টির নেতা ওয়েং ওয়েই এতে স্বাক্ষর করেছেন।












