• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরেক মামলায় গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ২:৩১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ২:৩১

9685696 4

আরেক মামলায় গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের বিচারক আলী হায়দারের কাছে তার গ্রেফতার চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায়, আব্দুর রাজ্জাককে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওইদিন দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি।

১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল।

এসময় কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৩ অক্টোবর আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একইসঙ্গে তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ‘উল্লিখিত পাঁচজন ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেয়া হলো।’

ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে আব্দুর রাজ্জাক, তার দুই ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত ও রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। এছাড়া স্ত্রী শিরিন আক্তার বানুর কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সব ব্যাংক হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় নেতা। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় তার ঠাঁই হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com