জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংসদের ভেতর-বাইরের আচরণ এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে তীব্র ও প্রশ্নবিদ্ধ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এতে রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক সংস্কৃতি এবং জনজীবনের সংকট নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।

পোস্টে মাহফুজ আলম প্রশ্ন তোলেন, গত দুই সপ্তাহ ধরে যে সংস্কার ও বিচার নিয়ে আলোচনা চলছিল, তা হঠাৎ কোথায় হারিয়ে গেল? তার মতে, রাষ্ট্র সংস্কার কিংবা ইনসাফ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আড়ালে পড়ে গেছে, আর সামনে চলে এসেছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।
তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকটের কারণে কৃষকের মৃত্যু পর্যন্ত ঘটছে এবং দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। একই সঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনা, অর্থনীতির নাজুক অবস্থা এবং নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও এখন আলোচনার বাইরে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংসদের ভেতরের ও বাইরের কার্যক্রমকে ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে তিনি প্রশ্ন রাখেন, দিনে এক পক্ষ হামলা চালাবে আর রাতে আরেক পক্ষ, এভাবে কি জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে?
এছাড়া সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপ নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন। স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর এমপিদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়িসহ বিলাসবহুল সুবিধা দেওয়ার বিষয়টি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।












