জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের নিম্ন আয় ও প্রান্তিক মানুষের মাঝে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আগামী জুনের মধ্যে নতুন করে ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা উপ-কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ১৬ আগস্ট কিশোরগঞ্জে নতুন ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেই দেশের সব নাগরিকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে।
প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ডধারীদের নাম বাছাই করা হচ্ছে এবং পুরো বিষয়টি সরাসরি তদারকি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের হাতেই এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, তবে কার্ডের ক্যাটাগরি ও সুবিধার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকবে। শুধু অতিদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোই সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তার সুবিধা বা ভাতা পাবে। অন্যদিকে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের কাছে কার্ড দেওয়া হলেও তারা কোনো নগদ ভাতা সুবিধা পাবে না। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নিয়মিত হালনাগাদ করার নীতি গ্রহণ করা হয়েছে। এর ফলে কোনো পরিবার দরিদ্র সীমার নিচে নামলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার জন্য নির্বাচিত হবে, আবার সময়ের ব্যবধানে কারও আর্থিক উন্নতি হলে ভাতা পাওয়ার তালিকা থেকে তার নাম কেটে যাবে।
সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর নিয়ম অনুসরণ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, একই ব্যক্তি বা পরিবার কখনোই একই সঙ্গে একাধিক সরকারি ভাতার সুবিধা গ্রহণ করতে পারবেন না।












