• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় প্রায় ২২ লাখ টাকা

প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫০
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫০

9666589

এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় প্রায় ২২ লাখ টাকা

নিউজ ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে এ উড়াল পথের উদ্বোধন করেন তিনি। তবে এর ওপর দিয়ে যান চলাচল শুরু হয় পরদিন রবিবার থেকে। প্রথম দফায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এটি খুলে দেওয়া হয়।

সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দ্বিতীয় দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজারের বেশি গাড়ি। আর এসব গাড়ি থেকে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা টোল আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি।

এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের যানজট ছাড়াই চলতে পেরে ব্যবহারকারীদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এক্সপ্রেসওয়ে থেকে নামার পর যানজটে পড়ায় কেউ কেউ বিরক্তি প্রকাশ করেন। ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার দাবি জানান তারা।

সোমবার নিজের অভিব্যক্তি জানিয়ে পুষ্টিবিদ তামান্না চৌধুরী ফেসবুক পোস্টে উল্লেখ করেন-‘৮০ টাকার বিনিময়ে ৮০ হাজার টাকার বেশি সুখ কিনলাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাত্র ১৫ মিনিটে বসুন্ধরা থেকে বনানী, আলহামদুল্লিাহ। টাকার চেয়ে সময়ের মূল্য আমার কাছে অনেক বেশি। জ্যামের কষ্ট হলো না, গাড়ির তেল বাঁচল, সময় বাঁচল অনেক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’

রেজওয়ান উল করিম লিখেছেন-বিমানবন্দর টোল প্লাজা থেকে মহাখালী পর্যন্ত ৫ মিনিট ৩০ সেকেন্ডে পৌঁছেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত (প্রথম দিন) ২৪ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে ২২ হাজার ৮০৫টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী মহাখালী, ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে।

উদ্বোধনের কয়েকদিন আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ধাপের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com