জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বিএসটিআই। একই সঙ্গে ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ও বন্ধ করে দেয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়া যায়। এ জন্য তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট ৪টি বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই জানায়।












