• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত করবে সরকার : ধর্ম উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১১:০৩
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ১১:০৩

97858589

জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত করবে সরকার : ধর্ম উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যারা আমাদের ভাইদের খুন ও আহত করেছে, তাদের বিচার করবে বর্তমান (অন্তর্বর্তী) সরকার।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের আহসান হাবিবের পরিবারের সদস্য এবং জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে দ্বিতীয় শহীদ কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চিরদিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে।

এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে।’ জুলাই-আগস্ট বিপ্লবে সারা দেশে যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেবে বলে নিশ্চিত করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কারো প্রতি কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। তবে যারা দেশ পরিচালনার নামে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন ও দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে।

জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। ধর্ম উপদেষ্টা শনিবার সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন।

একই দিন দুপুরে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলমের হাতে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি শহীদ আহসান হাবিব এবং ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এদিকে চকরিয়া থেকে পেকুয়া যাওয়ার আগে দুপুরে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ ও চকরিয়া গ্রামার স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে পৃথকভাবে দুটি মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com