জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একইসঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও অভিহিত করেছে ঢাকা।
বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম শহীদুল করিম।
তিনি বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়।
মুখপাত্র আরও জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি বৈঠকে ডা. জাহেদ উর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন—এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে ভারতে প্রবেশের সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে বাধা দেওয়া হয়। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে প্রতিটি রাষ্ট্রেরই নিজ ভূখণ্ডে বসবাসকারী সংখ্যালঘুসহ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ সব নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।












