জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১২ জুলাই) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ ‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ জুলাই দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে। নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনের সময়ে নৌবাহিনী প্রধান ছাড়াও নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
আইএসপিআরে জানিয়েছে, ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান।












