কিশোরগঞ্জ সংবাদদাতা
ছবি: সংগৃহীত
বিশ্বে অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব, সম্মানিত ইনশাআল্লাহ।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট, নিঃসন্দেহে আপনারা জানেন, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতোমধ্যে ৭,৫০০ ঘেরে উৎপাদন গড়ের দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৭,০০০ একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নসহ শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে এর ভিতরে।”
শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত।”
দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ, যা দেশজ জিডিপির ১ শতাংশেরও বেশি। ২০০৩-৪ সালে বিএনপি সরকারের সময় ইলিশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।
পরে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।









