জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি না থাকলে সেটি কোনো ডকুমেন্টারি হতে পারে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল রয়েছে। তিনি বলেন, “প্রথম যে বিষয়টি দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণঅভ্যুত্থানের প্রতীক। তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না।”
তিনি আরও বলেন, ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এরপর সবার শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি নিয়ে সংসদের মতো ওয়াকআউট করা বাঞ্ছনীয় নয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।”
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।












