• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়ার নিজ হাতে খনন করা সেই উলাসী খাল পুনঃখননে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১০:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১০:৪২

96985246

শহীদ জিয়ার নিজ হাতে খনন করা সেই উলাসী খাল পুনঃখননে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিলের মধ্যে তিনি যশোরে আসছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এখনো প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর শিডিউল পাওয়ার জন্য। সেই লক্ষ্যেই আমরা বৃহস্পতিবার (২ এপ্রিল) উলাসী খাল পরিদর্শন করেছি। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এটি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫০ বছর আগে যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে শুরু করেছিলেন। তার দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী।

বাংলাদেশে প্রথম খাল খননে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাসী-যদুনাথপুর খালটি এলাকার মানুষের কাছে ‘জিয়া খাল’ নামেই বেশি পরিচিত। খালটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। ফলে পলি জমে ভরাট হয়েছে। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। খালটি পুনঃখননের দাবি এলাকাবাসীর। সেই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার।

খাল পুনঃখনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উলাসী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানা যায়, ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজ হাতে কোদাল তুলে নিয়ে মাটি কেটে যশোরের শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় চার কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। তার আহ্বানে সাড়া দিয়ে দলে দলে স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন সাধারণ মানুষ। ৬ মাসে খাল খনন সফল হয়। ৬ মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

উলাসী-যদুনাথপুর খাল খনন কর্মসূচি সফল হওয়ায় বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জিয়াউর রহমান ১৯৭৭ সালে সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেন। এই উদ্যোগ পরে ‘জিয়া মডেল’ নামে পরিচিতি লাভ করে, যা গ্রামীণ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

স্বাধীনতার পর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের জন্য সেচ ব্যবস্থা উন্নত করা। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নদী ও সাগরে চলে যেত, আবার শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানির তীব্র সংকট দেখা দিত। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিয়াউর রহমানের নন্দিত উদ্যোগ খাল খনন কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।

দীর্ঘ ৫০ বছরে উলাসী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খান পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে আগামী ২০ এপ্রিলের মধ্যে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com