জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকারি খাতই সব নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে। দেশকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতসহ সবাইকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং বন্ড সুবিধাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে।’
বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন।
সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি। এই দুই মাসের অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাদের সমস্যার সমাধানে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে তৈরি পোশাক খাত ভালো করছে, তবে অন্যান্য খাত কেন পিছিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সরকারি খাতই সব নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে। দেশকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতসহ সবাইকে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন, এ বিষয়টি তিনি আইএমএফ ও বিশ্বব্যাংককে জানিয়েছেন। ব্যবসার পরিবেশ সহজ করতে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘ব্যবসা করতে যত বাধা আছে, আমরা সব বাধা সরিয়ে দিতে চাই। প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধিই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।’












