ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতেই থাকবে। কোনো বিদেশি শক্তিকে এ দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না। ধানের শীষে ভোট দিলে ফটিকছড়ি ভালো থাকবে, চট্টগ্রাম ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, দেশ যখনই সংকটময় ও ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আজ পরীক্ষিত ও সংগ্রামী শক্তিতে পরিণত হয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচন এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচনের মধ্য দিয়েই একটি পরিকল্পিত, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, একদলীয় বাকশাল ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি বলেও তিনি উল্লেখ করেন।
আমির খসরু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল মাহমুদ ফয়জী প্রমুখ।












