জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে। সোমবার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অবরোধ সমর্থনে মিছিল করে বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেটে আসেন।
সেখানে পুলিশের বাধার কারণে তারা সুপ্রিম কোর্টের মধ্যে বার কাউন্সিল সংলগ্ন রাস্তার ওপর বসে অবরোধ সমর্থনে সমাবেশ করেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশ নেবে না।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আইনজীবী আবেদ রাজা, আইনজীবী কে এম জাবির, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী, এ কে এম রেজাউল করীম খন্দকার, সাইফুর রহমান, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, তাজরুল হোসেন, মাহফুজুর রহমান মিলন, রেজাউল করীম রেজা, মো: মাহবুবুর রহমান খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, মো: মুজিবুর রহমান, গাজী তৌহিদুল ইসলাম, মির্জা আল মাহমুদ, মোস্তাফিজুর রহমান আহাদ, সালমা সুলতানা সোমা, জহিরুল ইসলাম সুমন, একেএম এহসানুর রহমান, মো: মাকসুদ উল্লাহ, মাসুদ রানা, গোলাম মোকতাদির উজ্জল, মু. কাইয়ুম প্রমুখ।
সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই সরকার বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা আগেই ঘোষণা দিয়েছেন আরেকটি শাপলা চত্বর করবেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের এই দানবীয় শক্তিকে উৎখাত করতে হলে জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের বিজয় ছাড়া আর কোনো পথ আমাদের সামনে নেই।
অ্যাডভোকেট মহসীন রশিদ বলেন, প্রধানমন্ত্রী আপনি যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে দেশের অর্থনীতির এ অবস্থা হতো না। দেশকে যদি ভালোবাসতেন দেশে আইনের শাসন থাকত। দেশকে যদি ভালোবাসতে তা হলে পুলিশ ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড়াতেন না।












