জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচনের দুই দিন পর ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছে একটি দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে অবস্থিত কার্যালয়ে সাত–আটজনের একটি দল এসে এই পতাকা উত্তোলন করে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি হাত তুলে সালাম জানান। নিজেদেরকে শ্রমিক পরিচয় দিয়েছেন দলের ব্যক্তিরা।
এরপরে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে মোবাইলে ধারণ করে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তারা বলেন, এখন আর রাজাকাররা নেই। আগে তারা থাকলে এই অফিসে আসতে বাঁধা দিত। এখন তারা হেরে গেছে, তাই আমরা পতাকা উড়াতে এসেছি। এদেশের স্বাধীনতা নিয়ে দিয়েছে বঙ্গবন্ধু।
ঘটনাস্থলের পাশের ফুটপাতের এক ব্যবসায়ী জানান, একটি দল জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে পতাকাটি বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। তবে পরে ঘটনাস্থলে গিয়ে আর জাতীয় পতাকাটি দেখা যায়নি।
ফুটপাতের কাপড় ব্যবসায়ী সলিমউল্লাহ ব্যাপারী বলেন, তিনি ঘটনাটি নিজ চোখে দেখেছেন এবং ওই দলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, দলটির সদস্যরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত—রিকশাচালক, হকার ও ফুটপাতের ব্যবসায়ী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে গত দেড় বছর ধরে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা একটি ব্যানার ঝুলতে দেখা গেছে ।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এভিনিউ-এ অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় জুলাই আন্দোলনের ক্ষোভের মুখে পড়ে। সে সময় ১০ তলা ভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে এবং এটি এক সময় ছিন্নমূল মানুষ, রিকশাচালক ও পথচারীদের অস্থায়ী শৌচাগার ও নেশাগ্রস্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।












