জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোনো মিটমাটের জায়গা নেই। আগামী জাতীয় নির্বাচনে রাজাকার সমর্থিত বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তাদেরকে রাজনীতির ময়দান থেকে বিদায় দিতে হবে।
তিনি বলেন, আমার মনে হয়, আজকের বিজয় দিবসে একটাই সিদ্ধান্ত হওয়া উচিত, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত-যুদ্ধাপরাধীদের রাজনৈতিক কোনো দোসর- তা বিএনপিই হোক আর যেই হোক তাকে আর রাজনীতি করতে দেওয়া উচিত না। এদের বিতাড়িত করা উচিত।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সাম্প্রতিককালে বিএনপি-জামায়াতচক্র এবং চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি সাজাপ্রাপ্ত যুদ্ধারপরাধী-জঙ্গিদের সাজা বাতিলের বক্তব্য দিচ্ছে। সংবিধানের কবর রচনা করার চক্রান্ত করছে। বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আনার চেষ্টা করছে তারা।
তিনি আরও বলেন, ’৭৫ পরবর্তীতে যে আপস রাজনৈতিক অঙ্গনে চলছে, যুদ্ধাপরাধী ও তার দোসর রাজনীতির বিষবৃক্ষ বিএনপির সঙ্গে আপসের সেই রাজনীতি পরিত্যাগ করা উচিত। যারা এখনো বিএনপির সঙ্গে মিটমাটের কথা বলে, তারা কার্যত রাজাকারদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে চান।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিতি ছিলেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রতন সরকার, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ প্রমুখ।












