• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে বইমেলা বর্জন করা হবে: নুরুল হক নুর

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৯:৩২
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৯:৩২

9663698 16

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে বইমেলা বর্জন করা হবে: নুরুল হক নুর

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে অমর একুশে বইমেলা বর্জনের হুমকি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুমকি দেন তিনি। বিদ্যুৎ, তেল-গ্যাসসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়।

নুরুল হক নুর বলেন, আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে বইমেলা বর্জন করা হবে। আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দিয়ে একুশে বইমেলাকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে। সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করছে। আওয়ামী লীগের নেতারা দেশের টাকা পাচার করে অর্থনীতিকে ধ্বংস করেছে। ফলে এই সরকার এখন আইএমএফের কাছে ভিক্ষা চাচ্ছে।

তিনি বলেন, আমরা আবারও বলছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। ’১৪ ও ’১৮ সালের মতো আর পাতানো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমাদের দাবি বর্তমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। বিরোধী ৫৪ দল আমাদের রাজপথের সহযোদ্ধা, আমাদের মাঝে ফাটল ধরাতে সরকার পরিকল্পিতভাবে সন্দেহ তৈরি করছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করার জন্য নানা অপকৌশল হাতে নিয়েছে। তাই সবাইকে বলব সরকারের ফাঁদে পা দিবেন না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

নুর অভিযোগ করে বলেন, আজকে যুব অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করতে গিয়ে কক্সবাজার ও সুনামগঞ্জে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে। এ ছাড়াও পিরোজপুরে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হতে হয়েছে। পুলিশ গাজীপুরের এক ভাইকে থানায় নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে। চট্টগ্রামে ডায়ালাইসিসের ফি কমানোর দাবিতে আন্দোলন করার কারণে থানায় নিয়ে নির্যাতন করেছে। এভাবে দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়রানি, হামলা-মামলার শিকার হচ্ছে। এসব থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না । বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘খেলবেন ভালো কথা, কিন্তু ’১৪ ও ’১৮ সালের মতো খেলাধুলা চলবে না। এবার ভোটচুরি করতে এলে জনগণ দাঁতভাঙা জবাব দিবে। ৫৪টি দল নাকি ঘোড়ার ডিম পেড়েছে। আমার প্রশ্ন আওয়ামী লীগ ও তার জোট কি হাঁসের ডিম পাড়ছে? আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তেলের দাম বাড়িয়েছেন, চাল-ডাল সবকিছুর দাম বাড়িয়েছেন। এখন একের পর এক বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের দাম বাড়াচ্ছেন। আজকে সবকিছুর দাম বাড়িয়ে আপনারা আমাদের ভাতে মারতেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারের এক গোলাপ যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়িতে সুবাস ছড়িয়েছেন, আমরা আরও গোলাপের সন্ধান চাই।’ অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করলে সব আওয়ামী লীগের নাম আসবে বলে দাবি করেন রাশেদ।

গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. মালেক ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ঈসমাইল হোসেন বন্ধনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজুর রহমান খান, মো. সোহরাব হোসেন, আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম, শামসুদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, সেক্রেটারি সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসালম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি আরিফ আদিব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com