• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনকে নস্যাৎ করতে সরকার গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে : বিএনপি

প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১১:১৩
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১১:১৩

bnp

আন্দোলনকে নস্যাৎ করতে সরকার গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে : বিএনপি

মিথ্যা মামলা, গ্রেফতার ও হত্যাকান্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক বলে মন্তব্য করেছে বিএনপি। গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১। সভায় বিগত ৩১ অক্টোবর তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।

২। সভায় গত ১ নভেম্বর ঝিনাইদহ-২ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও পার্লামেন্টের হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনপ্রিয় নেতা মশিউর রহমানের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় মরহুম মশিউর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভা মনেকরে তার ইন্তেকালে দক্ষিণাঞ্চলের নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

৩। সভায় চট্টগ্রাম-১৬ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

৪। সভায় সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্র নেতা অমিত হাসান অনীককে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

৫। সভায় সিলেট বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কালামকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই ধরনের হত্যাকান্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক। সভা অবিলম্বে হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভায় নিহত আ ফ ম কামালের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

৬। সভায় বরিশালের জনসমাবেশ থেকে ফেরার পথে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মিসেস সুলতানা আহমেদকে উঠিয়ে নিয়ে পরে গ্রেফতার দেখিয়ে নিম্ন আদালতে ২ দিনের রিমান্ডে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই ধরনের আচরণ অনির্বাচিত সরকারের দমন নীতির অংশ। চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে। অবিলম্বে মিসেস সুলতানা আহমেদসহ আটক সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করা হয়।

৭। সভায় শত বাধা বিপত্তি উপেক্ষা করে বরিশাল বিভাগীয় গণসমাবেশকে সফল করার জন্য বরিশাল বিভাগীয় গণতন্ত্রকামী জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। সভা মনে করে বরিশাল বিভাগের জনগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভূতপূর্ব গণজাগরন সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।

৮। সভায় বরিশালের গণসমাবেশকে কেন্দ্র করে উক্ত বিভাগের বেশ কয়েকটি জেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও বিশেষ করে ভোলা, গৌরনদী, বাউফলে সমাবেশে যোগদানের জন্য আগত নেতা-কর্মীদের ওপরে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে গ্রেফতারকৃদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

৯। সভায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদানের জন্য জেলা আইনজীবী ফোরামকে অনুরোধ করা হয়।

১০। সভায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সর্বাত্মক উদ্যোগের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভা মনে করে তারেক রহমানের অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে সারা দেশে একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এবং জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ আন্দোলনকে গণমুখী করেছে এবং দ্রুত এই আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে বলে উল্লেখ করা হয়।

১১। সভায় পরবর্তী বিভাগীয় গণসমাবেশগুলোকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দেয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com