বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল , বিএনপি।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলন দেখে ভীত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধ সরকার আইন আদালতকে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতই নির্যাতন করুন না কেন আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।
এ সময় রিজভী অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানান।

মিছিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কৃষক সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহীন,খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক কাওছার, মেহেবুব মাসুম শান্ত, জসিম সিকদার রানা, স্বেচ্ছাসেবক দলের শফিউদ্দিন সেন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।












