• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা পাঁচ সিটিতেই জিততে চাই : জি এম কাদের

প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩ ৮:৪৩
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩ ৮:৪৩

96633369

আমরা পাঁচ সিটিতেই জিততে চাই : জি এম কাদের

ডেস্ক নিউজ
সামনে হয়তো আরো খারাপ দিন আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি।

শনিবার (৬ মে) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা পাঁচ সিটিতেই জিততে চাই। আমাদের প্রার্থীদের গ্রহণযোগ্যতা আছে। কিন্তু ভোটারদের অনেক প্রশ্ন। ভোটাররা বলছে, আমরা ভোট দিতে পারব তো? ভোট দিলে সেই ভোট গণনা হবে তো? নাকি আওয়ামী লীগ নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে? এটাই বাস্তবতা। এটা বুঝতে এখন খুব জ্ঞানী হতে হয় না। গ্রামের কৃষক থেকে রিক্সাওয়ালা পর্যন্ত এই প্রশ্ন করে।

জাপা চেয়ারম্যান বলেন, যারা গণতন্ত্রের নামে বড় বড় কথা বলে, যারা মানুষের ভাত ও ভোটের অধিকার নিয়ে কথা বলে, তারাই ভোটের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি করেছে? রাজনীতি নিয়ে মানুষের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। কারণ, সাধারণ মানুষ মনে করে আমরা ভোট দেই বা না দেই, সরকার সমর্থকরাই জিতে যাবে। মানুষের মনে শঙ্কা, ভোট দিতে গেলে মার খেতে হবে কিনা, বাড়িতে হামলা হবে কিনা। শঙ্কা ও হতাশা দেশকে পিছিয়ে দিচ্ছে। দেশের মানুষকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করছে। এমন বাস্তবতা থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের পক্ষে থাকব। জনগণ যা চায় আমরা তাই করব। আমরা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করব। মানুষের ভাতের অধিকার দরকার হয়ে গেছে। সাধারণ মানুষ খেতে পারছে না। মানুষ আধাপেট খেয়ে জীবন যাপন করছে। যেসব দেশকে আমার খারাপ দেশ বলি, আমাদের অবস্থা এখন তাদের চেয়েও খারাপ। তাই ভাতের অধিকার নিশ্চিত করতেই ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ভালো কাজ করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচনে যারাই জয়ী হবে আমরা তাদের সাথেই কাজ করব। দেশ ও জাতির সাথে কাজ করব এটাই আমাদের রাজনীতি। সামনের দিনগুলো হয়তো শুভদিন নয়। দেশ ও জাতির জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে।

জি এম কাদের বলেন, কেন কারচুপি করে নির্বাচনে জিততে হবে? কেন ভালো কাজ করে মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসার কথা ভাবে না? বিএনপি ও আওয়ামী লীগ সব সময় ক্ষমতায় থেকে সংবিধান কাটাকাটি করে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে নিতে চায়। আবার ক্ষমতার বাইরে থকালেই দল দুটি বলে আমরা জনগণের ভোটের অধিকার চাই। আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন, আমরা আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন ভালো হতে পারে না। এখন আওয়ামী লীগ বলছে সংবিধান ছাড়া নির্বাচন হবে না।

মূলত ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ও বিএনপি জনগণের রায়কে ভয় পায়। আবার ক্ষমতায় গেলে বিএনপিও একই কাজ করবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সুমন আশরাফ, আবু সাঈদ স্বপন, আমিনুল হক সাইদুল, এম এ আসাদুজ্জামান মবিন, আবুল হাসনাত আজাদ, নাসির উদ্দিন হাওলাদার (নাসিম), আনিসুর রহমান বাবু ও মো: রনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com