আসুন আমরা একসঙ্গে নির্বাচন করব, কেউই হস্তক্ষেপ করবে না বলে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন সুষ্ঠু হবে। গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছে কেন? আন্দোলনের নামে আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরো ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা জেনেছি। এসব করে দেশের আজকের এই সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।












