• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ৭:৫১
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ৭:৫১

9663258 16

ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, দেশে বিষাক্ত রাজনীতির চর্চা চলছে। এক দল আরেক দলের কাছে নিরাপদ না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশে সবাই নিরাপদ। এ দৃষ্টান্ত গত ২ জানুয়ারি সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সম্মেলনে দেশবাসী দেখেছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত চতুর্থ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, দেশ স্বাধীনতার ৫১ বছর পরেও মানুষ ভোটাধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করছে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ডারউইনের নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসে সংযোজন করে ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। তিনি ইসলামবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য দেন—ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা আব্দুল হক আজাদ, মাওলানা ইউনুছ আহমাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুর রহমান, শওকত আলী হাওলাদারসহ অনেকে।

কনভেনশনে মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন সভাপতি পুনঃমনোনীত হন, আতিকুর রহমান মুজাহিদ সহসভাপতি ও মুফতী মানসুর আহমদ সাকীকে সেক্রেটারি জেনারেল মনোনীত করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

জাতীয় যুব কনভেনশনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, মানসুর আহমদ সাকী ও আহমদ আব্দুল জলিলের পরিচালনায় ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন—জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি কামরুজ্জামান খান দুলাল, বিকল্প যুবধারা সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাদিম, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, খেলাফত যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতী আলআমিন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে এ দেশে ভুল মূলনীতি আর অসৎ নেতার কুৎসিত মেলবন্ধন হয়েছে। ফলে উন্নয়ন আর উন্নয়ন থাকে নাই, উন্নয়ন হয়েছে দুর্নীতির মহোৎসব। বৈদেশিক চুক্তিগুলোতে দেশের স্বার্থের বদলে নেতাদের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের নিশ্চয়তা আদায় করা হয়।

‘দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন দুর্বিষহ। সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ। বিদ্যুতের দাম ফের বৃদ্ধি সাধারণ জীবনকে আরও বিষিয়ে তুলবে।’

জাতীয় যুব কনভেনশনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা করছে। ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সিলেবাসে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর বানাবার চক্রান্ত হচ্ছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদির অভিপ্রায় সিলেবাসের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করলে ঈমানদার ও দেশপ্রেমিক জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com