• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উত্তরের কয়েক জেলায় তারেক রহমানের চার দিনের সফরসূচি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ১:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ১:০৬

9652 1

উত্তরের কয়েক জেলায় তারেক রহমানের চার দিনের সফরসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান ১১ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার এ সফর ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসব ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই উদগ্রিব হয়ে আছেন।

তার সফরকে সফল করতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। নেতার রাতযাপনের স্থান নির্ধারণ ও শহরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে তার চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এসব তথ্য দিয়েছেন।

তারেক রহমান ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১টায় টাঙ্গাইল, বিকাল ৩টায় সিরাজগঞ্জ হয়ে রাত ৮টায় বগুড়া পৌঁছবেন। রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন।

পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এ অনুষ্ঠান থেকে তারেক রহমান শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথা, চারমাথা ও মাটিডালি মোড় হয়ে শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ারের (রহ.) মাজার জিয়ারত করবেন। সেখানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম নেতাকে স্বাগত জানাবেন। পথিমধ্যে মোকামতলায় খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুর ২টায় তিনি রংপুরের পীরগঞ্জে যাবেন। প্রথম জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রাত ৯টায় দিনাজপুরে পৌঁছবেন। রাত ১১টায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাতযাপন করবেন।

১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও, দুপুর দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টায় লালমনিরহাট সফর করবেন। এরপর রাত ১১টায় রংপুর ফিরে রাতযাপন করবেন।

পরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। তারেক রহমান বেলা ১টায় বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হবেন। এখানে কর্মসূচি শেষে রওনা দিয়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছবেন।

এদিকে তারেক রহমানের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে নেতার চার দিনের উত্তরাঞ্চল সফরের বিষয়টি ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়- তারেক রহমান এ সফরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন।

সফরকালে তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং মরহুমা তৈয়বা মজুমদারসহ শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পুরো সফরের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অব.) গণিউল আজম।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ। নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কোনোভাবেই এখানে লঙ্ঘন করা হবে না। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা চেয়েছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com