• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক দফার আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ১২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ১২:৫২

96663600 1

এক দফার আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো

ডেস্ক নিউজ

এক দফার আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এ লক্ষ্যে চলছে সিরিজ বৈঠক। লক্ষ্য ও কর্মসূচি ঠিক করতে আলোচনা করছেন নেতারা। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি’র সঙ্গে সমন্বয় করে যেসব দল যুগপৎ আন্দোলনে আছে তারা এক দফার আন্দোলনে যাবে। এসব দল ও জোটের সঙ্গে বিএনপি সিরিজ বৈঠক করছে। আগামী কয়েকদিনের মধ্যেই বৈঠক শেষ করে এক দফা আন্দোলনের বিষয়ে ঘোষণা দেয়া হবে। চলতি মাসেই সমন্বিত আন্দোলনের সূচনা করতে চায় বিরোধী দলগুলো। যদিও কিছু বিষয় নিয়ে দলগুলোর মধ্যে মতদ্বৈততা রয়েছে। নেতারা মনে করছেন আলোচনার মাধ্যমে এসব বিষয় দ্রুতই সুরাহা হবে। দলগুলো মনে করছেন জাতীয় নির্বাচন সামনে রেখে হাতে সময় বেশি নেই।

এই মুহূর্তে লক্ষ্য ঠিক করে কর্মসূচি দিতে হবে।
সরকার পতনের এক দফার চূড়ান্ত ঘোষণা আগামী সপ্তাহে আসতে পারে। এ লক্ষ্যে বিএনপিতে চলছে তোড়জোড়।
কূটনৈতিকসহ বিভিন্ন মহলেও বেড়েছে তৎপরতা। এনিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন বিএনপি হাইকমান্ড। সমমনাদের সঙ্গে চলছে সিরিজ বৈঠক। ধারাবাহিক এসব বৈঠকে সরকার পতন নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক দফা আন্দোলন ঘোষণার পর সরকার বিরোধীদের আন্দোলনে বাধা দিলে দলটির করণীয় কি হবে তারও আলোচনা হচ্ছে এসব বৈঠকে। অতীতের নানা অভিজ্ঞতার আলোকে এবারের আন্দোলনের ছক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করছে বিএনপি। এক দফা ঘোষণার পর রাজপথের পরিবেশ ও সরকারের মুভমেন্ট বিবেচনা করে নতুন নতুন কর্মসূচি দেয়ার কথা ভাবছে বিএনপিসহ সমমনা দলগুলো।

এক দফার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে গতকাল জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বিকালে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন দলটির শীর্ষ নেতারা। আগামী কয়েকদিনে গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সূত্র জানায়, সমমনাদের পাশাপাশি অনির্ধারিতভাবে আরও কয়েকটি দলের নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্র জানায় শিগগিরই রাষ্ট্র সংস্কারের ‘যৌথ রূপরেখা’ ঘোষণা করা হবে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। ‘যৌথ রূপরেখা’ ঘোষণার ধরন নির্ধারণ করা হবে এসব বৈঠকে। সবার সাড়া পেলে এক মঞ্চ থেকেই বড় আয়োজন করে রূপরেখা ঘোষণা হতে পারে। এ ছাড়া এই ঘোষণা নিয়ে ভিন্ন চিন্তাও আছে। পরিস্থিতির আলোকে এটি নির্ধারণ হবে। এক দফার কর্মসূচি ও রূপরেখা ঠিক করতে বিএনপি সমমনাদের পরামর্শ নিতেই এখন আলোচনা চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ই জুলাইয়ের কাছাকাছি সময়ে রূপরেখা ঘোষণা ও এক দফার আন্দোলনে যেতে পারে দলগুলো।

বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপি এক দফার আন্দোলন ঘোষণার জন্য প্রস্তুত। বারবার সমমনা দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এক দফা ঘোষণা হবে। এজন্য সিরিজ বৈঠক চলছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত সক্রিয়ভাবে রাজনীতি করছে। কর্মসূচি পালন করছে। তারা কি করবে তাদের বিষয়। তবে সামনে আরও অনেক দল এক দফার আন্দোলনে শরিক হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com